
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও আনন্দমুখর উৎসব জন্মাষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের নির্দিষ্ট তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসেবে দিনটি মহাসমারোহে পালিত হয়। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা গভীর ভক্তি, প্রেম ও উচ্ছ্বাসের সঙ্গে এই উৎসব পালন করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
বাণীতে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে যে রাষ্ট্রের জন্ম, সেই রাষ্ট্র আজ ধর্মান্ধ মৌলবাদীদের দখলে। সনাতন ধর্মাবলম্বীদের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় জন্মাষ্টমীর মতো উৎসব আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে পালন করার প্রত্যাশা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অধিকাংশ মানুষের ভেতরের শুভবোধ শেষ হয়ে যায়নি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাবের ঐতিহাসিক পটভূমি ও জন্মকথা থেকে গভীর শিক্ষা নিয়ে অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ ও আওয়ামী লীগ সবসময় সকল মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। তাই খুব শিগগিরই সংকট কেটে যাবে এবং দেশের সকল মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।
শেখ হাসিনা আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে। ভবিষ্যতেও তা নিশ্চিত করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বাণীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, সনাতন ধর্ম অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়ে ধার্মিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরণীতে নেমে আসেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের বাংলাদেশ।
বাণীর শেষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গল কামনা করে শেখ হাসিনা বলেন, ‘শুভ জন্মাষ্টমী!