
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার উমখালী পশ্চিম ধরপাড়ায় গুরু পূর্ণিমা উপলক্ষে ৫ম শ্রী গুরু অভিষেক, গুরু পূজা, চণ্ডীপাঠ ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সার্বজনীন শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উমখালী পশ্চিম ধরপাড়ার শ্রী শ্রী নিতাই গৌর রাধাকৃষ্ণ ও গুরু মন্দির প্রাঙ্গণে (স্বর্গীয় হরিমোহন ধরের বাড়ি) অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ভাষ্য, গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গুরু অভিষেক, গুরু পূজা, চণ্ডীপাঠ, দীক্ষা প্রদান এবং শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশন, সীতাকুণ্ডের অধ্যক্ষ। এ ছাড়া আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের সন্ন্যাসীরা বিশেষ পূজা ও অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের গীতাপাঠক শ্রী অলক দেবনাথ তাঁর দলের সদস্যদের নিয়ে গীতাপাঠ পরিবেশন করেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে রামু শঙ্কর মিশনের কার্যকরী কমিটি দায়িত্ব পালন করে। কমিটির সভাপতি শ্রী অপূর্ব ধর, সাধারণ সম্পাদক শ্রী রাসেল ধর এবং অর্থ সম্পাদক শ্রী ধ্রুবরাজ ধরসহ অন্যান্য সদস্যরা আয়োজন বাস্তবায়নে কাজ করেন। এছাড়া শ্রী চৈতন্য নামহট্ট সংঘ ও জগন্নাথ সংঘ, উমখালী পশ্চিম ধরপাড়া সার্বিক সহযোগিতা প্রদান করে।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মন্দির ও শঙ্কর মিশনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মন্দির উন্নয়ন তহবিলে দানের আহ্বানও জানানো হয়।