
গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে অবমাননাকর আচরণের অভিযোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা হিন্দু পরিষদ ফ্রন্টের সভাপতি ভিম চন্দ্র বর্মন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু শ্রদ্ধা সবার। কিছু দুষ্কৃতিকারী সনাতন ধর্মের পরম পূজনীয় ভগবান শ্রীরামচন্দ্রের ছবির ওপর জুতা দিয়ে আঘাত করেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।’ সত্য সনাতন টিভি
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করি। অন্য কোনো ধর্ম বা ধর্মীয় প্রতীককে অবমাননা করার শিক্ষা আমাদের ধর্ম দেয় না। মানববন্ধন বা প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু তার নামে কোনো ধর্ম বা ধর্মীয় প্রতীকের অবমাননা গ্রহণযোগ্য নয়।’সত্য সনাতন টিভি
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।