
নিজস্ব প্রতিবেদক: জয় দেবনাথ || চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রবর্তক ইসকন মন্দিরের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর পবিত্র রথযাত্রা মহামিলন মেলা ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করে শারদাঞ্জলি ফোরাম, চট্টগ্রাম জেলা।
এ সময় শারদাঞ্জলি ফোরামের মাতৃশক্তি ফোরাম এবং রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা শাখাসহ বিভিন্ন উপজেলার সারথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভক্তদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আরও বর্ণিল ও উৎসবমুখর।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সারথিদের মিলনস্থল হিসেবে নির্ধারণ করা হয় চকবাজারের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ব্রজেশ্বর ধাম শিব মন্দির। সেখান থেকে শৃঙ্খলাবদ্ধভাবে তারা রথযাত্রার মহামিলন মেলায় যোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন শ্রী আর. কে. দাশ রূপু। তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে ধর্মীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সনাতন ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রথযাত্রার আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে ছিল রাধা-কৃষ্ণের মনোমুগ্ধকর সাজসজ্জা এবং ভক্তিমূলক নৃত্য পরিবেশনা। এসব পরিবেশনা উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সনাতনী সমাজের ঐক্য, ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সকলের সম্মিলিত অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।