
মানবসেবা, সামাজিক সচেতনতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাম সেবক সংঘ’। ‘জীবে প্রেম আমাদের লক্ষ্য, সেবা আমাদের ধর্ম’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ মে) নালিতাবাড়ী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
এ সময় সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে তাপস সরকার সায়নকে সভাপতি এবং একান্ত সিংহ অভিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক রায় এবং অর্থ সম্পাদক হয়েছেন প্রদিপ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, কুসংস্কার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনটির প্রধান লক্ষ্য। পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক সংকটে মানবতার সেবায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নেতৃবৃন্দ আরও জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে। খুব শিগগিরই কমিটিকে আরও সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।
নতুন এই মানবিক উদ্যোগ সফল করতে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও আশীর্বাদ কামনা করেছেন ‘রাম সেবক সংঘ’-এর সদস্যরা।