
বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠের কালীমন্দিরে আরবি হরফে লেখা একটি বই রাখার অভিযোগে এক মাদরাসাছাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষ তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্র জানায়, আটক তরুণীর নাম সুমাইয়া। তিনি নগরীর কাউনিয়া এলাকার আমিন বাড়ি মহিলা মাদরাসার ছাত্রী।
মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইসকন পরিচালিত রাধা-শ্যাম সুন্দর মন্দিরের আয়োজনে শংকর মঠের পুকুরে ধর্মীয় নৌবিহার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। সন্ধ্যার দিকে এক তরুণীকে কালীমন্দিরের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাঁকে আরবি হরফে লেখা একটি বই মন্দিরের ভেতরে রাখতে দেখা গেলে উপস্থিত লোকজন তাঁকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা সত্য সনাতন টিভিকে জানান, জিজ্ঞাসাবাদের সময় তরুণী অসংলগ্ন কথা বলেন। একপর্যায়ে তিনি দাবি করেন, ‘আমানুল্লাহ আমান’ নামের এক ব্যক্তি তাঁকে ৫০০ টাকা দিয়ে মন্দিরের ভেতরে বইটি রাখতে বলেছিলেন। সত্য সনাতন টিভি
পরে মন্দিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। থানা-পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।