
রাঙ্গুনিয়ার সনাতনী সমাজের জন্য গর্বের বার্তা নিয়ে এসেছে কিশোরী পায়েল নাথ। নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় মুক্ত সাঁতারে প্রথম স্থান অর্জন করে সবার নজর কেড়েছে সে। সত্য সনাতন টিভি
হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পায়েলের সাঁতারের যাত্রা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। গ্রামের পুকুরে সাঁতার কাটতে কাটতেই তার মধ্যে জন্ম নেয় পানির প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তিই আজ তাকে এনে দিয়েছে বড় অর্জন।
প্রতিযোগিতার দিন ছিল কঠিন চ্যালেঞ্জে ভরা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে সমানতালে লড়াই করে নিজের সেরাটা উপহার দেয় পায়েল। পানিতে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স মুগ্ধ করে উপস্থিত সবাইকে। শেষ মুহূর্তে সবার আগে গন্তব্য ছুঁয়ে জয় নিশ্চিত করে রাঙ্গুনিয়ার এই সনাতনী কন্যা। সত্য সনাতন টিভি
পায়েলের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার ক্রীড়াপ্রেমী মানুষজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নতুন কুঁড়ি স্পোর্টস রাঙ্গুনিয়ার সভাপতি মো. নাজমুল হাসান বলেন, তৃণমূল পর্যায় থেকে এমন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসা অত্যন্ত আশাব্যঞ্জক। সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে পায়েল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পড়াশোনা ও খেলাধুলা দুই ক্ষেত্রেই নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছে পায়েল নাথ। ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখছে সে। রাঙ্গুনিয়ার এই কৃতি সনাতনী কন্যার সাফল্যে গর্বিত পরিবার, বিদ্যালয় ও পুরো সনাতনী সমাজ।