
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকায় শ্রী শ্রী গোপাল জিউর ২২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে উৎসবে আগত ভক্ত ও স্থানীয় মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়।
‘সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর নোয়াখালী জেলা টিম এই কার্যক্রমের আয়োজন করে। সকাল থেকেই ক্যাম্পে ভিড় করেন শত শত পুণ্যার্থী। সেখানে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন স্বেচ্ছাসেবী চিকিৎসকরা। সত্য সনাতন টিভি
আয়োজকদের পক্ষ থেকে সত্য সনাতন টিভিকে জানানো হয়, উৎসবের ভিড়ে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতেও নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
সনাতনী স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নোয়াখালী জেলা টিমের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পে টিম লিডার উৎপল চন্দ্র শীল, সহকারী টিম লিডার অংকুর চন্দ্র দে ও দিপ্ত দেব নাথ, ব্লাড ব্যাংকের নিলয় ভৌমিক ও সৈকত দাস এবং মেডিকেল টিম লিডার সুব্রত সরকারসহ স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সত্য সনাতন টিভি
উৎসবে আগত ভক্তরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় আয়োজনের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বেচ্ছাসেবীরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি এবং স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।