
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথধামকে কেন্দ্র করে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ মেলা শুরু হলেও প্রথম দিনে তীর্থযাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে আজ রোববার শিবরাত্রি উপলক্ষে মেলায় ভক্তদের বড় ঢল নেমেছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, চন্দ্রনাথধামের ব্যাসকুণ্ড, শ্রদ্ধাঙ্গন, ভৈরব মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থানে সাধারণত যেভাবে তীর্থযাত্রীদের ভিড় দেখা যায়, এবার তা চোখে পড়েনি। তবে কয়েকজন ব্রাহ্মণ শ্রদ্ধাঙ্গনে উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার মতুয়া সম্প্রদায় ও জেলে সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো মোহন্ত আস্তান বাড়ির ভেতরে আয়োজন করা হয়েছে।
স্থানীয় পণ্ডিত রাজীব চক্রবর্তী জানান, চতুর্দশী তিথি শুরু হলে সন্ধ্যা থেকে স্নান-তর্পণসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার প্রথম দিনে তীর্থযাত্রী অনেক কম দেখা যাচ্ছে।
মেলা কমিটির সূত্রে জানা গেছে, মেলার প্রথম দিনে ত্রয়োদশী তিথিতে দর্শনার্থীরা সংযম পালন করবেন। দ্বিতীয় দিনে চতুর্দশী তিথিতে ভক্তরা ব্রত রেখে স্নান-তর্পণ করবেন এবং মঠ-মন্দির পরিক্রমা শেষে স্বয়ম্ভুনাথ ও চন্দ্রনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। তৃতীয় দিনে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হবে।
মেলা ঘিরে রেলগেট থেকে চন্দ্রনাথধামের পাদদেশ পর্যন্ত বিভিন্ন দোকানপাট ও স্টল বসেছে। পূজাসামগ্রী, ধর্মীয় বই-পুস্তক এবং খাবারের দোকানগুলোতে প্রস্তুতি থাকলেও প্রথম দিনে তেমন ভিড় দেখা যায়নি। পুরো এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সত্য সনাতন টিভি
সীতাকুণ্ড স্রাইন কমিটির সহকারী ব্যবস্থাপক তুষার চক্রবর্তী জানান, নির্বাচন-পরবর্তী সময় হওয়ায় প্রথম দিনে তীর্থযাত্রী কম দেখা গেছে। তবে মূল তিথি আগামীকাল হওয়ায় ভক্তদের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তারা।
স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, প্রতিবছরের মতো এবারও মেলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথ সংস্কারসহ মঠ-মন্দিরগুলোর প্রয়োজনীয় সংস্কারকাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেলা কমিটির নির্বাহী সভাপতি মো. ফখরুল ইসলাম জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, শিবরাত্রিকে কেন্দ্র করে আগামীকাল চন্দ্রনাথধামে তীর্থযাত্রীদের বড় সমাগম ঘটবে এবং মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।