
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামে এক হিন্দু পরিবারের বসতঘরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল আংশিকভাবে পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় আড়াইটার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ ঘরের ভেতর আগুনের তাপ ও ধোঁয়া টের পান তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরিবারের এক নারী সদস্য বলেন, “গভীর রাতে হঠাৎ আগুনের আঁচ পাই। বাইরে বের হয়ে দেখি ঘরের এক পাশে আগুন জ্বলছে। কে বা কারা আগুন দিয়েছে বুঝতে পারিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি ও পাপস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।”
স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই ঘরের একটি কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও পরিবারটির দাবি, এতে তাঁদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে স্বজনরা জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় সংখ্যালঘু পরিবারগুলো আরও ঝুঁকির মুখে পড়বে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।