
নিজস্ব প্রতিবেদক : অনিক দাশ | খাগড়াছড়ি প্রতিনিধি
সনাতন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাগীশিক পরিচালিত দীঘিনালা শ্রী শ্রী শংকর মঠ গীতা ও নৈতিক শিক্ষালয়। আর এই শিক্ষালয়ের সাফল্যের পেছনে রয়েছে সংগঠক তাপস দাশের অক্লান্ত পরিশ্রম।
জানা যায়, তাপস দাশ একাধারে বাগীশিক দীঘিনালা সংসদের সভাপতি, দীঘিনালা শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমের সাধারণ সম্পাদকনএবং গীতা শিক্ষালয়ের গীতা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি তিনি প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের গীতা পাঠ, শ্লোক উচ্চারণ ও নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় দীঘিনালার শতাধিক শিক্ষার্থী এখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে।
স্থানীয়রা জানান, তাপস দাশ শুধু শিক্ষক নন, তিনি একজন অভিভাবকের মতো শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তার পাঠদানের ফলে অনেক শিক্ষার্থী এখন গীতা প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করছে।
এ বিষয়ে বাগীশিক দীঘিনালা সংসদের সাধারণ সম্পাদক লিটন সাহা বলেন, তাপস দাশের মতো নিবেদিত কর্মী পাওয়া সত্যিই আমাদের জন্য গর্বের। তিনি শুধু সাংগঠনিক দায়িত্বই পালন করছেন না, পাশাপাশি শিক্ষক হিসেবে শিশুদের মাঝে গীতা ও নৈতিকতার বীজ বপন করছেন।
বাগীশিকের সাধারন সম্পাদক শ্রী লিটন সাহা আরও উল্লেখ করেন, প্রতিটি গ্রামে, প্রতিটি মন্দিরে যদি সকলের সহযোগিতার মাধ্যমে এই ধরনের ধর্মীয় শিক্ষা চালু করা যায় তাহলে আমাদের গীতা শিক্ষার আলো সারা উপজেলায় ছড়িয়ে পড়বে। তাই আসুন সকলে সহযোগিতার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।” সত্য সনাতন টিভি
বাগীশিকের নেতৃবৃন্দ আরও বলেন, তাপস দাশের মতো নিবেদিত প্রাণ কর্মীরা আছেন বলেই আমরা ধর্মীয় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারছি। ভবিষ্যতে এই শিক্ষালয়কে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সচেতন মহল মনে করেন, গীতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি সুন্দর, আদর্শবান প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাপস দাশের এই উদ্যোগ দীঘিনালার সনাতনী সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।