
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় সনাতনী সম্প্রদায়। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্দেহভাজন গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ।
রোববার বিকেলে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা শাখা এবং চয়েস ক্লাবসহ আরও কয়েকটি সংগঠন। সত্য সনাতন টিভি
মানববন্ধনে বক্তারা বলেন, নয়ন সাধুকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। ঘটনার দুই দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। সত্য সনাতন টিভি
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা নিহত নয়ন সাধুর আত্মার শান্তি কামনা করেন এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।