
শুভ রাম নবমী উপলক্ষে গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে ঘিরে আগামী ১১ ও ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্মীয় মহাসম্মেলন। বৃহস্পতিবার ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার, গীতাপাঠ, আলোচনা সভা এবং নানা আধ্যাত্মিক কর্মসূচি পালিত হবে।
অনুষ্ঠানের প্রথম দিন ২৬ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে ভোর ৬টা ১ মিনিটে নগর সংকীর্তনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর সকাল ১১টা ১ মিনিটে সহস্র কণ্ঠে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ১ মিনিটে মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন রাখা হয়েছে।
বিকেল ৩টা ১ মিনিটে ‘গীতা, বেদ ও উপনিষদ’ বিষয়ক সনাতনী ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী ভোলানন্দ গিরি সেবাশ্রম, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধর্মচক্র এবং গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের বেদমন্ত্র পাঠ অনুষ্ঠিত হবে। সত্য সনাতন টিভি
দ্বিতীয় দিন ২৭ মার্চ শুক্রবার ভোর ৬টা ১ মিনিটে আদিত্য হৃদয় স্তোত্র পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় শ্রীরাম পূজা আরম্ভ এবং সকাল ৯টা ১ মিনিটে গীতাযজ্ঞ শুরু হবে। সকাল ১১টা ১ মিনিটে শ্রীশ্রী হনুমান চাল্লিশা পাঠ অনুষ্ঠিত হবে।
দুপুর ১টা ১ মিনিটে অন্নপ্রসাদ আস্বাদনের পর বিকেল ৫টা ১ মিনিটে গুরুকুলের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যজ্ঞের পৌরহিত্য করবেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ। এছাড়া বিভিন্ন মঠ ও মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।