
কুমিল্লার ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর সার্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান কমপ্লেক্সে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাৎসরিক শ্রী শ্রী দক্ষিনা কালী, শ্মশান কালী ও ভূতনাথ শিব পূজা অনুষ্ঠিত হয়েছে।
বাৎসরিক পূজা উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞ সনাতনী ভক্তিমূলক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করে ‘টিম বৃষ্টি’, যা উপস্থিত ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান এ আয়োজনে বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীমান জনি মজুমদার জয় বলেন, “এ ধরনের ধর্মীয় আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শান্ত সূত্রধর বলেন, “সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ছিল গুরুত্বপূর্ণ। সংগঠনের পক্ষ থেকে আমরা সবসময় এমন ইতিবাচক কার্যক্রমে সক্রিয় থাকবো।”
এছাড়াও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী নয়ন চন্দ্র নট্ট বলেন, “এই আয়োজন আমাদের ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সনাতন মহাসংঘের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।