
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ‘বালা পুকুর’ থেকে মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটি খননের সময় ভেকু (এক্সকাভেটর) মেশিনের চালক অরুণ চন্দ্র রায় হঠাৎ শক্ত কিছুর সঙ্গে আঘাত অনুভব করেন। পরে মাটি সরিয়ে একটি পাথরের মূর্তি দেখতে পান। সেটি পরিষ্কার করার পর নিশ্চিত হওয়া যায়, এটি সনাতন ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবের একটি প্রাচীন মূর্তি। সত্য সনাতন টিভি
ঘটনার পরপরই পুকুরের মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অশেষ কুমার বিষয়টি বোচাগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সত্য সনাতন টিভি
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ২৬ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৬ কেজি ২০০ গ্রাম। এটি কালচে ধূসর বর্ণের কষ্টিপাথরে নির্মিত।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “উদ্ধার হওয়া প্রত্নসম্পদটি একটি বিষ্ণু মূর্তি। বর্তমানে এটি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”