
কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনীতে অবস্থিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরে গীতা পাঠ, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতৃ সম্মেলন ও নারী নীতি পাঠ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার দিনব্যাপী এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক পরিবেশনা এবং নারী নীতি পাঠের মাধ্যমে সৎসঙ্গের আদর্শ ও মানবকল্যাণমূলক বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ১৩৮তম শুভ আবির্ভাব মহোৎসব উদযাপন পরিষদ, রামু উপজেলা শাখা। ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদ বিতরণ।
এদিকে, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা-এর পক্ষ থেকে রামু উপজেলার চৌমুহনী শাখার উদ্যোগে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ওমান প্রবাসী লিটন কান্তি দে (দূজয়) ও ঊমা রাণী দে টকি-এর কন্যা ডা. দীপিকা রাণী দে-কে। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি, জর্জিয়ার টিবিলিসি থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রামুসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। আয়োজকরা জানান, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।