
নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তারিণী চরণ মহাজনের হাট সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরের উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা মহোৎসব। ‘জয় জগন্নাথ’ ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ। হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা পরিণত হয় এক মহামিলনমেলায়।
সকাল থেকেই জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আগত নারী-পুরুষ, শিশু ও প্রবীণ ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। এ উপলক্ষে আয়োজন করা হয় অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নামসংকীর্তনের। শ্রী গোপালবাড়ি সম্প্রদায়, প্রভু নিতাইচাঁদ সম্প্রদায়, মদনমোহন সম্প্রদায় এবং জগন্নাথ সম্প্রদায়ের কীর্তনীয়ারা ভগবানের মহিমা কীর্তনের মাধ্যমে ভক্তদের ভক্তিরসে আপ্লুত করেন। সত্য সনাতন টিভি
বিকেল ৪টায় বৈদিক মন্ত্রোচ্চারণ, মঙ্গল আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে সুসজ্জিত রথে আরোহন করেন শ্রীশ্রী জগন্নাথদেব, ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা। শত শত ভক্ত রথের দড়ি টেনে এই মহাপুণ্যময় যাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রাটি শান্তি নিকেতন, মজুমদারখীল, নাথপাড়া, দক্ষিণ সাবেকসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে ভক্তরা আরতি, পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রভুকে বরণ করেন। পুরো পথজুড়ে ধ্বনিত হতে থাকে “জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা”।
দীর্ঘ পরিক্রমা শেষে ভক্তদের কাছে ‘মাসীর বাড়ি’ নামে পরিচিত দক্ষিণ সাবেক এলাকার শ্রীশ্রী সমভাব আদিত্য ধাম ও রাধা গোপীনাথ মন্দিরে শুভ আগমন করেন শ্রীশ্রী জগন্নাথদেব। সেখানে মন্দির পরিচালনা কমিটি, ব্রজবাসী সংঘ এবং অসংখ্য ভক্ত ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রভুকে বরণ করে নেন। পরে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ‘মাসীর বাড়ি’ আগমন উপলক্ষে আদিত্য ধামে কয়েকদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন মঙ্গলারতি, নিত্যসেবা, পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ধর্মসভা, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এতে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সত্য সনাতন টিভি
ভক্তদের মতে, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তি, প্রেম, সেবা, ঐতিহ্য ও মানবকল্যাণের এক চিরন্তন বার্তা বহন করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের রথযাত্রা এবং ‘মাসীর বাড়ি’ আগমন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ভক্তসমাজে বিরাজ করছে গভীর আনন্দ, ভক্তি ও আধ্যাত্মিক উচ্ছ্বাস।