
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কেন্দ্রীয় শ্মশানঘাট ও সংলগ্ন ধর্মীয় এলাকায় কিছু যুবকের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, জুয়া খেলা এবং অশোভন আচরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি কিছু ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন আচরণ করছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন এলাকাবাসী।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন সুমন (পিতা: জমসেদ আলী) ও আতিকুর ইসলাম (পিতা: ইসলাম)। তাঁদের বাড়ি ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকার কুমারপাড়ায়। স্থানীয়দের দাবি, আরও কয়েকজন যুবক একই ধরনের কর্মকাণ্ডে জড়িত। সত্য সনাতন টিভি
এলাকাবাসী জানান, এসব ঘটনার কারণে নারী, শিশু ও ধর্মপ্রাণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পবিত্র ধর্মীয় স্থান ও শ্মশানঘাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলাও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।