
ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অবস্থিত প্রভুপাদ দিনবন্ধু আশ্রমের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দেশ-মাতৃকা ও বিশ্বজননীর সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে
অনুষ্ঠানে প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তনসহ নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও কীর্তনশিল্পীরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন শ্রী নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। সোমবার গীতা পাঠ করেন শ্রী চন্দন টিকাদার এবং মঙ্গলবার গীতা পাঠ করেন অধ্যাপক ডা. এ. সি. পাল।
আজ বুধবার অরুণোদয় থেকে শুরু হয়ে ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, নগরপরিক্রমা, দধি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি রয়েছে।
এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে রামায়ণ গান পরিবেশন করেন কুষ্টিয়ার শিল্পী অশোক বিশ্বাস।
অনুষ্ঠানে সাভারের শ্রী হিমাংশু সিকদার, ফরিদপুরের শ্রী তন্ময় দাস এবং মানিকগঞ্জের শ্রীমতি অনিমা সরকার অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন। বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কৃষ্ণভক্তদের মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ, নামসংকীর্তন শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় এই আয়োজন সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।