শরীয়তপুর প্রতিনিধি: অনিক মন্ডল
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি দেখতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, যাতায়াত ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দর্শনার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেন কর্মকর্তারা।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। পূজার সময় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।