নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতনী শিক্ষার্থীদের সংগঠন ঋতস্বর।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁদের হাতে ঋতস্বরের ত্রৈমাসিক প্রকাশনা ‘অরিত্রিকা’ ও ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিথি রায়। তাঁদের সাবলীল সঞ্চালনায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও লিখন সরকার। তাঁরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য শুভ্র। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় মন্দিরের সভাপতি হৃদয় দাসসহ ঋতস্বরের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীনদের স্বাগত জানানো, মতবিনিময় ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার হবে।