নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ প্রতিনিধি | সত্য সনাতন টিভি
বিশ্বকর্মা পুজো উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিগঞ্জের বাবুর খালে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ ঘিরে খালের দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ।
আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নৌকাবাইচের আয়োজন করা হয়।
এতে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা অংশ নেয়। নানা রঙ ও বাহারি সাজে সজ্জিত নৌকাগুলো বিকেল থেকে একে একে প্রতিযোগিতায় নামে।
বাইচ শুরু হলে ঢাক-কাশির বাদ্য, জারি-সারি গান এবং মাঝিদের বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে বাবুর খাল। মাঝিদের ‘হেঁইও হেঁইও’ ধ্বনিতে তৈরি হয় উৎসবের আমেজ। নৌকার গতি ও প্রতিযোগিতা দেখতে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
খালের দুই পাড়ের পাশাপাশি নৌকা ও ট্রলারে করেও অনেকে নৌকাবাইচ দেখতে আসেন। নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
নৌকাবাইচকে কেন্দ্র করে খালের ওপর ও আশপাশে বসে মেলার মতো পরিবেশ। গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করেন।
নৌকাবাইচ দেখতে আসা মেহেদী হাসান বলেন, প্রায় ২০০ বছর আগে বিল এলাকার মানুষ বিনোদনের জন্য নিজেদের মধ্যে নৌকা নিয়ে প্রতিযোগিতা করতেন। সেই আয়োজন থেকেই এ নৌকাবাইচের প্রচলন। দীর্ঘ সময় ধরে ঐতিহ্যটি ধরে রাখা হয়েছে।
কলাবাড়ী গ্রামের সুশান্ত বর্ণিক বলেন, নৌকার মালিকেরা আনন্দের জন্য দূর-দূরান্ত থেকে নৌকা নিয়ে এখানে আসেন। বাইচ উপলক্ষে বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের সমাগম হয়। আয়োজন করা হয় নানা ধরনের খাবারের। সব মিলিয়ে এ সময় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়।
সন্ধ্যায় প্রতিযোগিতা শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ।