নিজস্ব প্রতিবেদন : রাহুল দে | বান্দরবান প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলার হাফেজঘোনায় তিন দিনব্যাপী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ আয়োজন চলে।
১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে বিশ্বকর্মা বাবার প্রতিমা বরণের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে রাত ৮টায় অনুষ্ঠিত হয় অধিবাস।
পরদিন ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় পুরোহিত শ্রী নেপাল চক্রবর্তীর ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা শুরু হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। এতে গীতা পাঠ ও পরিবেশনা করেন শ্রী সুভাষ দাশ।
দুপুর সাড়ে ১টায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও প্রসাদ গ্রহণের আয়োজন করা হয়। পরে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা বাবার সন্ধ্যা আরতি। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।
আয়োজনের শেষ দিনে ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা বাবার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটি-২০২৬-এর আয়োজনে বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সাইক্লোন সেন্টারে এ পূজা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ভক্তদের উপস্থিতিতে সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।