নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে এসেছিলেন কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ওই সময় এক মুসলিম ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আবেগঘন সেই ছবিটি এবার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ,,, আমি এভাবেই দেখতে চাই।’
চিন্ময় কৃষ্ণ দাসের কান্নারত মুহূর্তে পাশে থাকা মুসলিম ব্যক্তিকে জড়িয়ে ধরার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। অনেকে ছবিটিকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিক সম্পর্ক ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক হিসেবে দেখছেন।
ওমর সানির সংক্ষিপ্ত মন্তব্যের পর তাঁর পোস্টের নিচেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনুসারীদের অনেকে এমন মানবিক দৃশ্যের প্রশংসা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যখন বিভিন্ন ধরনের বিভাজনমূলক বক্তব্য ও ঘটনার আলোচনা চলছে, তখন শোকের মুহূর্তে একজন মানুষের পাশে অন্য একজন মানুষের দাঁড়িয়ে থাকার এই ছবিটি সম্প্রীতি ও মানবিকতার বার্তা হিসেবে আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ও উত্তেজনা দেখা দেয়। এরপর তাঁর জামিন ও মুক্তির বিষয়টি নিয়ে আদালতে আইনি প্রক্রিয়া চলতে থাকে।