নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী শীল (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী রবি সওদাগর জানান, ঘটনার সময় তিনি স্থানীয় বাজারে তাঁর দোকানে ছিলেন। তাঁর স্ত্রী বাড়িতে একাই ছিলেন। হঠাৎ স্ত্রীকে ছুরিকাঘাত করার খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। সেখানে শিল্পী শীলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রবি সওদাগরের পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে। পরিবারটি শান্তিপ্রিয় ও সামাজিক হিসেবে পরিচিত। কারও সঙ্গে তাঁদের বিরোধের কথাও স্থানীয়ভাবে জানা যায়নি। ফলে বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে এভাবে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী বলেন, রবি সওদাগর ও তাঁর পরিবারকে এলাকায় সবাই ভালো মানুষ হিসেবেই জানেন। তাঁদের সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। বাড়িতে একা থাকা অবস্থায় শিল্পী শীল হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।