নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় এই আদেশের পরও কারামুক্তি হচ্ছে না।
আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ওই দুই মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত রুল মঞ্জুর করে তাঁকে জামিন দেন।
আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘দুটি মামলায় আদালত জামিন দিয়েছেন। তবে অন্যান্য মামলা থাকায় এখনই তাঁর মুক্তি হচ্ছে না।’
চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার কার্যক্রম চলমান থাকায় সেসব মামলায় আদালতের পরবর্তী আদেশের ওপর তাঁর কারামুক্তি নির্ভর করছে।