নিজস্ব প্রতিবেদক : জয় দাশ : চট্টগ্রাম প্রতিনিধি
ঘরে ঘরে শ্রীমদ্ভগবদ্গীতার বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কক্সবাজারের চকরিয়ায় ‘শ্রীকৃষ্ণ জ্ঞানালয় গীতা সংঘ’ নামে একটি গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গত শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী জলদাশ পাড়ায় সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ও মা কালী মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’-এর তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমটি সংগঠনটির গীতা স্কুল উদ্বোধন ও গীতা দান কর্মসূচির ১৪তম আয়োজন বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীর হাতে ৫০টি শ্রীমদ্ভগবদ্গীতা, ৫০টি স্টেনসিল, কলম এবং একটি হোয়াইট বোর্ডসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এর শিক্ষাগুলো মানুষের নৈতিক ও সুন্দর জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশু-কিশোরদের মধ্যে গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’-এর উপদেষ্টা শ্রীমান অধীর শীল। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ছাত্র পরিষদের সভাপতি শ্রীমান প্রসেনজিৎ ধর রুবেল।
এ ছাড়া ‘চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’-এর এডমিন শ্রীমান দিগন্ত শীল, সজল দাশ ও মডারেটর জয় দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘শ্রীকৃষ্ণ জ্ঞানালয় গীতা সংঘ’-এর সভাপতি রায় গোপাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অভিরণ দাশ অভি, অর্থ সম্পাদক বিভীষণ দাশ, কালামহন দাশ, হরিশেন দাশ ও সুমঙ্গল দাশসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের মধ্যে গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং নিয়মিত গীতা পাঠের সুযোগ তৈরি করাই এ গীতা স্কুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।