নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মন্দির থেকে প্রায় ৪০ কেজি ওজনের পিতলের ত্রিশূল, দানবাক্স ও নগদ টাকা চুরির অভিযোগে নয়ন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে চুরি যাওয়া ত্রিশূলসহ তাঁকে আটক করা হয়।
মন্দির পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত সার্বজনীন শ্রীশ্রী হরগৌরী মন্দিরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একদল চোর প্রবেশ করে। এ সময় তারা মন্দিরের প্রায় ৪০ কেজি ওজনের পিতলের একটি ত্রিশূল নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে সীতাকুণ্ড ইকোপার্কের ইজারাদারের প্রতিনিধি মো. তারেকের সহযোগিতায় বিকেল ছয়টার দিকে ইকোপার্ক এলাকা থেকে একজনকে চুরি যাওয়া ত্রিশূলসহ আটক করা হয়। পরে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে জানিয়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মন্দির পরিচালনা পরিষদ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নয়ন এবং তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পরে শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে এজাহার দায়ের করা হয় বলে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। সত্য সনাতন টিভি
মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চুরির ঘটনায় আরও দুজনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় ও সম্পৃক্ততা তদন্ত করে নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। একই সঙ্গে চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থ উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।