নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে ধর্মীয় অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযোগে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল শামীম বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শহীদ আজিজ হলের আবাসিক ছাত্র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলের শৃঙ্খলা প্রবিধান-২০১৯-এর ৮(ক) ধারা অনুযায়ী শামীমকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের করা অপরাধের কথা স্বীকার করেছেন বলেও আদেশে উল্লেখ করা হয়। সত্য সনাতন টিভি
এর আগে বুধবার (২৬ আগস্ট) শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সনাতন ধর্মের দেব-দেবীকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট শেয়ার করার বিষয়টি নজরে আসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরে হল প্রশাসন তাঁর মোবাইল ফোন যাচাই করলে গ্যালারিতে আপত্তিকর কিছু ছবিও পাওয়ার কথা জানানো হয়। এরপর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওই রাতেই শামীম হল ছেড়ে নিজ বাড়িতে চলে যান।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে শামীমকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার এবং এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের দাবি জানান। সত্য সনাতন টিভি
তবে হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তাঁকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।