নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গত কয়েক দিন ধরে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। মানুষের কাছ থেকে বন্ধক নেওয়া স্বর্ণের বিপরীতে নেওয়া টাকা ফেরত দিতে না পারায় তাঁরা আত্মগোপনে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি এলাকা থেকে তাঁদের উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানার একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ—এমন খবর গত ২৬ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি জানার পর তাঁদের অবস্থান শনাক্তে তৎপর হয় পুলিশ।
পিন্টুর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বন্ধক হিসেবে নেওয়া স্বর্ণের বিপরীতে নেওয়া অর্থ পরিশোধ করতে না পারায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর ছেড়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়।
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনার পর চাঁদপুরে একই পরিবারের চার সদস্যের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়েও পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর তাঁদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে অনুসন্ধান শুরু করে। প্রায় দুই দিন অনুসন্ধানের পর পটিয়ায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
এদিকে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে কয়েকজন ব্যক্তি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন। তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। ওই ভবনের মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ তাঁদের সন্ধানে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযান চালিয়ে পটিয়া থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাঁদের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এবং স্বর্ণ বন্ধকসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।