নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় (৭১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আতিকুর রহমান বলেন, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার রায় শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন।
ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। তার বাবার নাম মৃত শুদ্ধন্য কুমার রায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।