নিজস্ব প্রতিবেদক : অভিজিৎ দেউড়ী | বাগেরহাট জেলা প্রতিনিধি
সনাতন ধর্মের মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘২৩ নং ভাগা বেতকাটা মিরাখালী সনাতনী বিদ্যাপীঠ’।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বাগেরহাট জেলা টিমের সার্বিক তত্ত্বাবধানে এবং সনাতনী বিদ্যাপীঠের পরিচালনায় আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার এ বিদ্যাপীঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার ভাগা বেতকাটা মিরাখালী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।
আয়োজকেরা জানান, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, সনাতন ধর্মের নীতি-নৈতিকতা এবং নিজস্ব সংস্কৃতির চর্চা ও মূল্যবোধ গড়ে তোলাই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য।
বিদ্যাপীঠে শিশু-কিশোরসহ আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদানের ব্যবস্থা থাকবে। সেখানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও এর তাৎপর্য নিয়ে আলোচনা, শ্লোক আবৃত্তি, ধর্মীয় সংগীত চর্চা এবং সনাতন ধর্মের নীতি-নৈতিকতা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বাগেরহাট জেলা টিমের নেতৃত্বে মিরাখালী এলাকায় বিদ্যাপীঠটির কার্যক্রম পরিচালিত হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সনাতনী বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
এদিকে, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, ভক্ত ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, বিদ্যাপীঠের মাধ্যমে এলাকার শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও সনাতন ধর্মের নৈতিক আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যাপীঠের শুভযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।