নিজস্ব প্রতিবেদক : সাগর শীল | মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় একটি মনসা মন্দিরের তালা ভেঙে প্রতিমার প্রায় ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। মৃত নিতাই কর্মকারের বাড়ির মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য, কোনো এক সময় মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে মনসা প্রতিমার গলা, হাত, কান ও কপালে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে যায়। চুরি যাওয়া অলংকারের মধ্যে গলার হার, হাতের ও কানের অলংকার এবং কপালের টিপ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
ঘটনার পর মন্দির ও আশপাশের এলাকার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পরিবারের দাবি, ভিডিও ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে। ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে শনাক্ত করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাঁর সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।
মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় স্থাপনায় প্রবেশ করে প্রতিমার অলংকার চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করবে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।