নিজস্ব প্রতিবেদক : রিংকু দাশ | মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো এক হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করতে যাচ্ছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগরণ এবং নতুন প্রজন্মের মধ্যে গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ১৩ নভেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি জানান, আসছে ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে মৌলভীবাজারের সৈয়ারপুরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে অনুষ্ঠিত হবে ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’। এতে একসঙ্গে এক হাজার মানুষের কণ্ঠে গীতার শ্লোক পাঠ করা হবে।
বৃহৎ এ আয়োজন ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গীতাপাঠে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে গীতাপাঠের পাশাপাশি থাকবে গীতা যজ্ঞ। বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকলের মঙ্গল কামনায় এ যজ্ঞ অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। এ ছাড়া সনাতন ধর্ম, বৈদিক শিক্ষা, গীতা প্রচার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের ‘বৈদিক অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের সভাপতি শ্রী বিজয় সরকার বলেন, ধর্মীয় কর্মসূচির পাশাপাশি সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। গীতার নৈতিক ও মানবিক শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, এক হাজার কণ্ঠে একসঙ্গে গীতার বাণী উচ্চারণের এ আয়োজন মৌলভীবাজারে একটি স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে। একই সঙ্গে সিলেট বিভাগের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও এটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের ১৩ নভেম্বরের তারিখটি সংরক্ষণ করে রাখার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।