নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় জেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধি এবং মন্দির কমিটির নেতারা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রাম দত্ত, নিতাই রায়, অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, টুটুল কুমার কুণ্ডু, রণদা প্রসাদ দাস, অসিত কুমার নাগ, সঞ্জয় সাহা, বিকাশ মজুমদার, ত্রিনাথ পাল ও নিলয় রঞ্জন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা, শোভাযাত্রার নির্ধারিত রুট অনুসরণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত রথযাত্রা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।