নিজস্ব প্রতিবেদক : রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের জুটমিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) ও তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে নির্মল চন্দ্র রায়, তাঁর ছেলে প্রশান্ত এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় একটি ট্রাককে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি সড়কে শুকাতে দেওয়া ধানের খড়ের ওপর পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি তাঁদের চাপা দেয়। সত্য সনাতন টিভি
ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত নির্মল চন্দ্র রায় ও শিশু বন্ধনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নির্মল চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। শিশু বন্ধনকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।