নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্রীশ্রী শ্মশান কালী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে বিগ্রহের স্বর্ণালংকার, রুপার তাজ, দানবাক্সের টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকালে মন্দিরে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন। পরে মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।
চুরির ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।