নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
ধর্মীয় অবমাননার প্রতিবাদ এবং অবমাননাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা এবং সাম্প্রতিক ধর্মীয় অবমাননার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। সত্য সনাতন টিভি
স্মারকলিপিতে গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরাম ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং ভগবান শ্রীরামের প্রতিকৃতির অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সত্য সনাতন টিভি
স্মারকলিপি গ্রহণকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ধর্মীয় অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং খুব শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সুমন কুমার রায়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সকল নাগরিকের সাংবিধানিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে।