গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাম সেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামের বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে সংঘটিত একটি বিক্ষোভ কর্মসূচিতে কিছু ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীরামের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননাকর আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশের সনাতনী সমাজ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে না, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের সংস্কৃতিকেও ক্ষতিগ্রস্ত করে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৫ জুন (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের আন্দারকিল্লাস্থ সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাগীশিক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে এবং এ বিষয়ে সংগঠনের দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাম সেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যেকোনো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা হলে দেশে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।