ফরিদপুরে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার বটতলা এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবাস চন্দ্র বিশ্বাস পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার উদ্দেশ্যে হাতে একটি বোতল নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, শ্রীবাস তাদের কাছে পানির বোতল রেখে বটতলা এলাকায় যাওয়ার কথা বলে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিনি কোনো মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাননি।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।
এ কারণে গত ১ জুন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর-৫৭।
নিখোঁজ হওয়ার সময় শ্রীবাসের পরনে কালো রঙের শার্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং চোখে কালো চশমা ছিল। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর কাকা বিকাশ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৭৭-৩৫৫২৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।